Published : 11 Mar 2026, 06:36 PM
চাঁদপুরের ফরিদগঞ্জে নামাজ পড়তে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের মাইজের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বেরিয়ে শিশুটি নিখোঁজ হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন।
মৃত আট বছর বয়সী মো. রুবেল হোসেন ওই গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে এবং সানকিসাইর মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল।
পুলিশ বলছে, বুধবার রুবেল ইফতারের পর তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো হদিস না পেয়ে এক পর্যায়ে এলাকায় মাইকিং করা হয়।
পরে রাত পৌনে ১২টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশঝাড়ে কালু নামের এক ব্যক্তি রুবেলের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। পরে কালুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতের বাবা আব্দুল কাদের বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেনো এমন নির্মমভাবে হত্যা করা হলো? সে কী অপরাধ করেছিল?”
রুবেল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল বলে তার মা পরান বেগম জানিয়েছেন।
ওসি হেলাল উদ্দিন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকাণ্ড হলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।