ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ চাল ব্যবসায়ীকে জরিমানা
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, কৃষি বিপণন অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে চাল মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ না করা এবং চালের মোড়কে পাটজাত সামগ্রী ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স সড়ক এবং শোভারামপুর এলাকায় দুটি চালের গুদামে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, কৃষি বিপণন অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ।
জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন বলেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আদালত শহরের খোদাবক্স রোডে অবস্থিত চাল ব্যবসায়ী নবীণ চন্দ্র সাহাকে মোড়ক হিসেবে পাটজাত পণ্য ব্যবহার না করায় ২০১০ সালের ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যগত ব্যবহার’ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে।
পরে আদালত শহরের শোভারামপুর মহল্লা এলাকায় ব্যবসায়ী সনত কুমার সাহাকে চাল মজুদের রেজিস্ট্রার ঠিকমত পূরণ না করায় কৃষি বিপণন আইনে ২০ হাজার টাকা জরিমানা করে।
