২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জ্বালানি সংকট: নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ ব্যাহত, ভোগান্তি

ময়লা অপসারণ কার্যক্রম বিঘ্ন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 08:44 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

জ্বালানি সংকটের কারণে নারায়ণগঞ্জ নগরীতে বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

নগরীতে ডাম্পিংয়ের ময়লা অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বিঘ্ন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফুড অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা আলমগীর হিরণ।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের ঘাটতির কারণে নগরীর প্রতিটি ওয়ার্ডে ডাম্পিংয়ের ময়লা অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম চালু করা হবে।

শহরের বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমউল্লাহ সড়ক, শায়েস্তা খাঁ সড়ক ও নবাব সিরাজদ্দৌল্লা সড়কসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে।

পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা শ্যামল পাল বলেন, “জ্বালানি সংকটের কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। ফলে কর্মীরা চাইলেও সড়কগুলো পরিষ্কার করতে পারেননি।”

এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।