২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মারামারি থামাতে গিয়ে পিটুনিতে প্রতিবেশী নিহত

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

চাঁপাইনবাবগঞ্জ সদরে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে পিটুনিতে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার প্রান্তিকপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

নিহত মো. নাসিরুদ্দিন বাসু (৪৫) ওই বস্তির আত্তাব মুন্সির ছেলে।

আটকরা হলেন- নূরি বেগম ও তার স্বামী মো. বাবু, খাতিজা বেগম, মো. নিয়াজ, মেহেদী, রফিক এবং রফিকুল ইসলাম। সবাই প্রান্তিকপাড়া বস্তির বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দুপুরে বস্তির সরকারি ট্যাপ-কল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নূরি বেগম ও লাইলি বেগমের মধ্যে মারামারি হয়। এ সময় তাদের থামাতে যান নাসিরুদ্দিন। 

এতে ক্ষিপ্ত হয়ে নূরি বেগমের বাড়ির লোকজন নাসিরুদ্দিনকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নূরি বেগমসহ সাতজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।