Published : 09 Mar 2026, 05:12 PM
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকালে উপজেলার কাঁঠালী এলাকায় ‘রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার’ শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
প্রায় আধাঘণ্টা পর বেলা ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল শুরু হয় বলে জানান ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
ওই কারখানার শ্রমিক সাহেরা খাতুন এবং শরিফ হাসান জানান, কারখানাটিতে প্রায় এক হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। প্রত্যেক মাসের বেতন সাধারণত ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারির বেতন এখনো দেওয়া হয়নি। এ ছাড়া অনেক কারখানায় ঈদ বোনাস দেওয়া হলেও তাদের দেওয়া হয়নি।

শ্রমিকরা জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারির বেতন, ঈদ বোনাস এবং মার্চের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় করেন।
পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে ভেতরে অবস্থান নেন।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ তুলে নেন বলে জানান শিল্প পুলিশের এ কর্মকর্তা।
কারখানাটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ফেব্রুয়ারির বেতন দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে। তবে মার্চের অর্ধেক অগ্রিম বেতন দেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেন তিনি।