১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেকপোস্টে বাস চালককে মারধরের প্রতিবাদে বেনাপোলে সড়ক অবরোধ

প্রায় আড়াই ঘণ্টার অবরোধে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 03:19 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

যশোরের বেনাপোলে বিজিবির চেকপোস্টে বাস চালক নিগৃহীতের অভিযোগ ওঠার পর প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। 

রোববার সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় এই অবরোধ চলে। 

অবশেষে বিজিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয় বলে জানিয়েছেন সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ম্যানেজার শহীদুল ইসলাম। 

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের বেনাপোল কোম্পানির সুবেদার মাহবুব বলেন, “চালককে মারধর করা খুব দুঃখজনক। কিভাবে এ ঘটনা ঘটল আমি বুঝতে পারলাম না। তবে বিষয়টি আলোচনা করে সমাধান করা হয়েছে এবং শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে।”

পরিবহন শ্রমিকরা অভিযোগ করেন, আমড়াখালী বিজিবি চেকপোস্টে ঢাকা অভিমুখী সোহাগ পরিবহনের বাস তল্লাশির সময় বিজিবি সদস্যরা চালক মো. অপুকে মারধর করা হয়। 

বাস চালক অপু বলেন, বেনাপোল কাউন্টার থেকে গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশির জন্য থামে। এ সময় বিজিবির এক সদস্য তাকে মারধর করেন। 

এরপর তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে সেখানেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।  

ঘটনাটি জানাজানির পর পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে গাড়ি আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ওই বিজিবি সদস্যের শাস্তির দাবি করেন।

সাড়ে ১২টা পর্যন্ত চলা অবরোধে এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে বিজিবির কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকরা সড়ক থেকে সরে যান।