Published : 04 Jun 2026, 01:14 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে 'পুশ ইন' করেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
পুশ ইন হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ছয়জন শিশু রয়েছে।
তবে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থান করা এই ব্যক্তিদের ফেরত পাঠানোর চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৬ বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০৩/৬-আর সীমান্ত পিলার দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়।
খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে।
তাৎক্ষণিকভাবে পুশ-ইন হওয়া ব্যক্তিদের পরিচয় বা তারা কোন এলাকার বাসিন্দা, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থান করছেন বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, পুশ-ইন হওয়া ২৮ জনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
একই সঙ্গে ঘটনাস্থলে বিএসএফও অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং সীমান্তের বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে জানতে ১৬ বিজিবির রহমানপুর কম্পানি কমান্ডার ও নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়কের নাম্বারে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।