চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে ইয়াবাসহ আটক ১
জাহির আলীকে আটক করে শরীর তল্লাশি করা হলে শার্টের পকেট থেকে ১২০টি ইয়াবা পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আম বাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০টি ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইফতেখার মাহমুদ হাসান।
আটক হওয়া মো. জাহির আলী (৪৭) উপজেলার সূর্যনারায়ণপুর ছয় নম্বর বাঁধ এলাকার বাসিন্দা ।
র্যাব-৫, সিপিসি-১ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আম বাগানের মধ্যে বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করার গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালানো হয়।
পরে একটি আমবাগান থেকে জাহির আলীকে আটক করে শরীর তল্লাশি করা হলে শার্টের পকেট থেকে ১২০টি ইয়াবা পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা ইফতেখার মাহমুদ হাসান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
