১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে কান্না শুনে নবজাতক উদ্ধার

ছড়ায় পড়ে থাকা নবজাতককে একটি কুকুর কামড়ে বাড়ির উঠানে নিয়ে আসে বলে জানান কাউন্সিলর।

সিলেটে কান্না শুনে নবজাতক উদ্ধার

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 11:24 PM

Updated : 07 Mar 2024, 11:24 PM

কান্নার শব্দ শুনে সিলেট নগরীর নয়া ঝর্ণারপাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভূবি ছড়ার পাশের একটি বাড়ির উঠান থেকে নবজাতকটি উদ্ধার করা হয় বলে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান জানান।

আনুমানিক এক দিন বয়সি কন্যা শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের ক্ষত রয়েছে। ক্ষতগুলো থেকে রক্ত ঝরছিল। হাসপাতালে নেওয়ার পর নবজাতকের শরীরে রক্ত দিতে হয়েছে।

শিশুটিকে কে বা কারা ছড়ায় ফেলেছিল তা জানা সম্ভব হয়নি; এর অভিভাবকদের পরিচয়ও এখন পর্যন্ত জানা যায়নি বলে জানান তিনি।

জিল্লুর রহমান বলেন, “শুষ্ক মৌসুম হওয়ায় ভূবি ছড়ায় এখন তেমন পানি নেই; সামান্য পানির সঙ্গে ময়লা-আবর্জনায় পড়ে ছিল নবজাতকটি। নবজাতকের শরীরে ছড়ার কালো পানি লেগে ছিল। পাশাপাশি শরীরে কুকুরের দাঁতের দাগ রয়েছে।

“ছড়ায় পড়ে থাকা শিশুটিকে একটি কুকুর কামড়ে ধরে বাড়ির উঠানে নিয়ে আসে। কান্নার শব্দ পেয়ে বাড়ির বাসিন্দারা বের হয়ে শিশুটিকে দেখতে পান।”

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “শিশুটিকে দেখে সদ্যোজাত মনে হয়েছে। শরীরের বেশ কিছু ক্ষত থাকায় প্রাথমিকভাবে রক্ত দিতে হয়েছে।

“নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে।”