কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম জেলার রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের সরকার জানিয়েছেন।
নিহত মো. ইব্রাহিম উপজেলার ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলীর ছেলে।
এলাকাবাসী বলছে, মঙ্গলবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে শিশু ইব্রাহিম। একপর্যায়ে অসাবধানতাবশত সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
কিছু সময় পর তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার এসআই কাউসার আলী বলেন, “বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিয়ে ফিরে আসলে বিস্তারিত জানাতে পারব।”
