ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ৪ কিশোর শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংকে জমা গ্যাস থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার কিশোর শ্রমিক নিহত হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ।
নিহতরা হলেন- ওই গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ মোহাম্মদ বলেন, সেপটিক ট্যাংকে নেমে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধারে কাজ শুরু করেছেন দমকল বাহিনীর সদস্যরা। সেপটিক ট্যাংকে গ্যাস জমে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না।
সন্ধ্যা সাড়ে ৬টায় সরাইল থানার ওসি মনজুর কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার চলছে।
