Published : 01 Sep 2024, 06:49 PM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, রোববার সকাল ১০টায় উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রাহিম মিয়া (২০) নামে একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
এছাড়া আহত সাইদুর হোসেন (২৬), সাহাব উদ্দিন (৩৮), মোহাদ্দিছ (২০), রিনা আক্তার (৩০), ফয়সল (১৭), মোতাব্বির (২৪), জমির আলী (৫৫), আছকির মিয়া (৪৫), শারমিন (২৪), আউলাদ মিয়া (৫৬), খোকন (৩৫), আকবর (৬০), নাইম (২০), কাপ্তান মিয়া (২৪), রাহিন (২৪), বাদল মিয়া (২০), আলী আজম (৪২), ছোটন মিয়া (৩০), হোসেন মিয়া (২৪), আমিরুল (২৭) ও আব্দুল জলিলকে (৫০) হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের সঙ্গে একই এলাকার আওলাদ মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় আওলাদের স্বজন জলসুখার বনহাটীর বাসিন্দা তকবোল মিয়ার ছেলে সাগর মিয়া তার ফেইসবুকে একটি পোস্ট করেন।
এরই জের ধরে খেলুর স্বজন ইসবপুর গ্রামের বাসিন্দা মেতি মিয়ার ছেলে আকাশ মিয়া সাগরকে পোস্টের বিষয়ে জিজ্ঞেস করলে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানার পর আওলাদের ছেলে সাবেক পুলিশ সদস্য জনি মিয়া আকাশের পরিবারকে দেখে নিবে বলে হুমকি দেন এবং গালাগাল করেন।”
এরই জের ধরে রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি ডালিম বলেন, “শুধু ফেইসবুক পোস্ট নিয়ে ঝগড়া হয়েছে শুণেছি। তবে কি পোস্ট তা এখনও জানা যায়নি।”