১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই: ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন জনই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে, বলছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 11:29 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সংঘবদ্ধ ডাকাতদলের হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, আগের রাতে ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলা এলাকার কোরবান শিকদারের কান্দি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা (৪৬) ও কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর ভোররাতে বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনার পরে দ্রুত একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করা হয়।

সহকারী পুলিশ সুপার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন জনই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ।”

গ্রেপ্তারদের আদালতে তোলা করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।