Published : 19 Mar 2026, 04:10 PM
বান্দরবানে শহরে এক নারী ও তার মেয়ের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মেঘলা সংলগ্ন কানাপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মান্না দে জানিয়েছেন।
নিহতরা হলেন- ২২ বছর বয়সী ঙোসানু মারমা ও তার চার বছরের মেয়ে (নাম জানা যায়নি)। তাদের বাড়ি সদর উপজেলার কুহালং ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের চিমিডলু পাড়ায়।
এএসপি মান্না দে বলেন, “মা এবং মেয়ের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সুরতহাল করা হবে। তারপরে ময়নাতদন্ত হবে। আপাতত এইটুকু।
“বাকি তাদের পরিবারে সঙ্গে কথা বলছি। তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এগুলো সংগ্রহ করার পর ঘটনাটা বুঝতে পারব।”
এ ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি-না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “স্থানীয়রা কেউ সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেনি। তাদের কাছ থেকে পাওয়া কোনো তথ্যই নির্ভরযোগ্য নয়। আমাদের তদন্তের সময় দিতে হবে। পরে বুঝতে পারব।”
কানাপাড়া পৌর এলাকার সংলগ্ন হলেও এটি বান্দরবান সদর ইউনিয়নে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও কানাপাড়া বাসিন্দা অজিত কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, “দুইটা লাশ পাওয়া গেছে। পাহাড় থেকে লাফ দিয়ে মারা গেছে নাকি এমনি পড়ে গেছে বোঝা যাচ্ছে না।
“মেয়েটা (মা) মারমা সম্প্রদায়ের। এখানে বিয়ে হয়েছে। তার বাড়ি সদর উপজেলা কুহালং ইউনিয়নের চিমিডলু পাড়ায়।”
তিনি বলেন, “অনেক খোঁজাখুঁজির পর তাদের কোথাও পাওয়া যাচ্ছিল না। সকালে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পরে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’’
কুহালং ইউনিয়নের চেমিডলু পাড়ার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য চাইউগ্য মারমা বলেন, “চার বছর আগে কানাপাড়ায় একটা তঞ্চঙ্গ্যা ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সকালে তার লাশ পাওয়া গেছে শুনে হাসপাতালে দেখতে আসছি।
“আসলে কী হয়েছিল আমাদেরও জানা নাই। খবর নেওয়া হচ্ছে।”