Published : 30 Oct 2025, 06:31 PM
ঝিনাইদহ সদর উপজেলার নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই শিশু।
বৃহষ্পতিবার দুপুরে কাতলামারি কুঠিপাড়া গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত শিশুরা হল- ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান এবং এমদাদুল ইসলামের ছেলে তাসমিম। তাদের দুজনেরই বয়স চার বছর।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে তিন শিশু গোসল করতে নদীতে নামে। এসময় আরিয়ান ও তাসমিম পানিতে ডুবে যায়। অপর শিশু বাড়িতে এসে খবর দেয়।
পরে গ্রামের লোকজন নদীতে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি মামুন আরও বলেন, মৃতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।