Published : 08 Jun 2026, 01:36 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস খাদে পড়ে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫), তার নাতি আলিফ মিয়া (৭), তাজিম (২) ও আজমাইন (৯)।
প্রত্যেক্ষদর্শী তকদির হোসেন বলেন, “মাধবপুর থেকে ছেড়ে আসা ‘দিগন্ত’ লোকাল বাসটি বৈষামুড়া এলাকায় পৌঁছালে ঢাকা-সরাইল বিশ্বরোডের দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাককে ধাক্কা দেয়।
“এ সময় সড়কে থাকা একটি অটোরিকশাকেও ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ সেটি হারিয়ে খাদে পড়ে যায়।”
ঘটনাস্থলে থাকা কাজী মিজানুর রহমান নামের আরেকজন বলেন, “বাসে থাকা চারজন যাত্রী নিহত এবং অসংখ্য লোকজন আহত হয়েছেন।
“বাসটি উল্টে যাওয়ার কারণে বাসের নিচে যাত্রীরা চাপা পড়ে আছে।”
ওসি আবু তাহের বলছেন, নিহতরা সম্পর্কে দাদা-নাতি। এ দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।