১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৩৩ বছর ধরে সেতুর টোল আদায়, এবার বন্ধের দাবি

টোল আদায় বন্ধ না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 07:31 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে (মহনন্দা সেতু) টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

এতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এতে শ্রমিক নেতা সাইদুর রহমান, নাগরিক অধিকার আদায় কমিটির নেতা নূরে আলম সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক রফিকুল আলম বক্তব্য দেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর প্রায় ৩৩ বছর ধরে সেতুটিতে টোল আদায় অব্যাহত রয়েছে; যা এখন সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

একাধিকবার টোল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

দ্রুত টোল আদায় বন্ধ না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।