Published : 06 Apr 2026, 08:14 PM
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে প্রচারে নেমেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় নেতারা।
প্রচারের শেষ দিন সোমবার শহরের মফিজ পাগলা মোড় এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাসাসের নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সংগীত শিল্পী ইথুন বাবু।
এ সময় তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা বগুড়ায় এসেছি। ধানের শীষের জয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।”
প্রচারে তিনি ছাড়াও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, সংগীত শিল্পী সাজ্জাদ পলাশ, মালেক মুন্সী, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা এবং এস এম বি রিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যান, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পি, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমীন এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা ফারকাদ সান্ভী বাঁধন ও বি এম সানাউল হক উপস্থিত ছিলেন।

অন্যদিকে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচার ও গণ সমাবেশ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এদিন বিকালে শহরের শহীদ খোকন পার্কে এক সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াত নেতা শিশির মনিরসহ অন্যান্যরা।
আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।
উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ছাড়াও আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৩১ হাজার ২৩৪ এবং পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। আর ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।