২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মিয়ানমার সীমান্তে থেমে থেমে বিস্ফোরণ, এপারে কাঁপছে ঘরবাড়ি

প্যানেল মেয়র বলেন, “বিস্ফোরণের শব্দে এলাকার ঘরবাড়ি কেঁপে উঠছে। সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।”

মিয়ানমার সীমান্তে থেমে থেমে বিস্ফোরণ, এপারে কাঁপছে ঘরবাড়ি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 09:56 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমার সীমান্তে মংডু টাউন শিপের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু বিস্ফোরণ অব্যাহত রয়েছে। কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর পাড়ে বসবাসরত ঘরবাড়ি। দেখা গেছে, সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে কালো ধোঁয়ার কুণ্ডলী।

এদিকে মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন টেকনাফের স্থানীয় বাসিন্দারা।

তারা জানান, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত টানা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন। 

শাহ পরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এনাম উল্লাহ বলেন, “থেমে থেমে মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ হচ্ছে। থরথর করে কাঁপছে শাহ পরীর দ্বীপে নাফ নদীর পাড়ে বসবাস মানুষের বাড়িঘর। বিস্ফোরণের শব্দে ভয়ে ঘুমাতেও পারছি না।”

লেদা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এহসানউল হক বলেন, “আমার ছোট ভাই রমজান মিয়ানমারের মংডু টাউনশিপ এলাকায় বসবাস করছে। বিকালে তার সঙ্গে মোবাইলে কথা হয়। সে জানিয়েছে, হঠাৎ করে গত রাত থেকে মিয়ানমারের মংডু টাউনশিপের বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে।” 

তিনি বলেন, “কয়েক দিন ধরে টানা বিস্ফোরণের পাশাপাশি ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটছে মংডু টাউনের বিভিন্ন এলাকায়। হয়তো বিদ্রোহীরা আরও কিছু চৌকি দখল করায় সেগুলো পুনরুদ্ধার করার জন্য সরকারি বাহিনী বিজিপি রাতে যুদ্ধবিমান দিয়ে ভারি গোলাবারুদ নিক্ষেপ করছে। এই সব বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ।”

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, “রাতে হঠাৎ করে এমন ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এরপর আজ সকাল থেকে একের পর এক মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।”

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, “বিস্ফোরণের শব্দে এলাকার ঘরবাড়ি কেঁপে উঠছে। সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।”