বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইলের সংঘর্ষে নিহত ৩
মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি।
বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন ।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. জাফর আহমেদ।
নিহতদের একজন আব্দুল কাদের ফরাজী (৪৫) ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা। তিনি পেশায় ভাড়ার মোটরসাইকেলের চালক। অন্য দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি ভট্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, “দুর্ঘটনায় গুরুতর আহত দুই অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসা শুরু করার কিছু পরেই তারা দুজনেই মারা যান। তাদের নাম পরিচয় আমরা জানতে পারেনি।”
ওসি জাফর আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পণ্যবাহি ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
