কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন।
নিহত শহিদুল ইসলাম (৩০) ওই এলাকার আব্দুল শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আট শতাংশ জমি নিয়ে ওই এলাকার আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মিটমাট করতে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করা হয়। তবে জমির দাবিতে দুপক্ষ অনড় ছিল।
নিহতের পরিবারের অভিযোগ, দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করে রোপা আমনবীজ রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তার স্বজনেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এক পর্যায়ে শহিদুলকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে দেশি অস্ত্রসহ ১৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। মামলার প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের হাতে সোপর্দ করবে পুলিশ।
