১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরের তিন কলেজে পাশ করেনি কেউ

এবার জেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

লক্ষ্মীপুরের তিনটি কলেজের ২০ জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি।

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র জানান, এবার জেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

এরমধ্যে ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকার ক্যামব্রিজ সিটি কলেজের ৪ জন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ৪ জন ও রামগতির সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজের ১২ জন রয়েছেন। 

এ বিষয়ে জানতে ক্যামব্রিজ সিটি কলেজের শিক্ষক রানাকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

তার প্রতিষ্ঠানে মানবিক বিভাগ থেকে ৪ জন পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে।

তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, “আমাদের প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে চার জন পরীক্ষা দিয়েছে। সবাই অকৃতকার্য হয়েছে।

“ঠিকমতো পড়ালেখা না করায় তার কৃতকার্য হতে পারেনি।” 

তিনি বলেন, “আমাদের কলেজ শাখায় নিয়মিত শিক্ষক নেই। তবে অতিথি শিক্ষক রেখে পাঠদান করিয়ে আসছি।

“২০২২ সালে আমরা কলেজের অনুমোদন পাই। প্রথম ব্যাচে ছয় জন পরীক্ষা দিয়ে এক জন পাশ করেছিল।” 

রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, সেবাগ্রাম ফজলুল করিম স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে সবাই ফেল করেছেন।