ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় তাকে জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
দণ্ড পাওয়া মো. হেলাল মিয়া ওই বাজারের ‘মায়ের দোয়া’ প্রতিষ্ঠানের মালিক এবং এলপিজি গ্যাস ডিলার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন খবর পেয়ে দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়া যায়। এ ছাড়া দোকানে মূল্য তালিকাও ছিল না।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় দোকান মালিক হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
