১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয় বছর কমল এসএসসির পাসের হার

“এবছর ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 02:57 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় টানা দ্বিতীয় বছর পাসের হার কমেছে। তবে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। 

চলতি বছর পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ, যা গত বছরের ৫৮ দশমিক ২২ শতাংশের চেয়ে কম। 

এ বছর বোর্ডের অধীনে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন।

সোমবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক। 

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৫ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ হাজার ৮৭৭ ছাত্রের মধ্যে পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৫১ হাজার ১৫১ ছাত্রীর পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ; যা ছাত্রদের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেশি। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৬২১ জন ছাত্র এবং ৩ হাজার ৭৯ জন ছাত্রী।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭১ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ।

ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে নেত্রকোনা, যেখানে পাসের হার ৬০ দশমিক ৪১ শতাংশ। এরপর ময়মনসিংহে ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে দশটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৮৯ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীর ২৮৫ জন পরীক্ষার্থী সবাই পাস করেছেন। 

এছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জন, আইডিয়াল মডেল একাডেমির ৬৯ জন, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুলের ১৬ জন, উত্তর গোয়ালেরচর আইডিয়াল হাইস্কুলের ৩৪ জন, চিলড্রেনস হোম পাবলিক স্কুলের ৭৮ জন এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে। ফুলবাড়িয়ার ভালুকাজান মডার্ন গার্লস একাডেমির একজন পরীক্ষার্থীও পাস করেছেন।

অন্যদিকে চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেননি। এর মধ্যে জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল রয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক বলেন, “গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে বোর্ডের আওতাধীন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। নিয়মিত ক্লাস ও পড়াশোনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

“এবার ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এ দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিংও শুরু হয়েছে।”

শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে শিক্ষার মান উন্নয়ন করা গেলে আগামী দিনে পরীক্ষার ফলাফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।