১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: যশোরে ৬ শিক্ষককে অব্যাহতি

বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত জন্য বরাদ্দ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: যশোরে ৬ শিক্ষককে অব্যাহতি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রসচিব ও হল সুপারসহ ছয় শিক্ষককে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

অব্যাহতির চিঠি পাঠানোর দুই দিন পর সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- কেন্দ্রসচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন, পরীক্ষা কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এন ইউ আর এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, হরিদ্রাপেতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও শার্শার বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।

যশোর শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১২ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত জন্য বরাদ্দ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের ফলের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতির দায় কেন্দ্রসচিব, পরীক্ষা কমিটি এবং কক্ষ পরিদর্শকদের কেউই এড়াতে পারেন না। তাই এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে কেন্দ্রসচিব, পরীক্ষা কমিটিসহ কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে ছয়জনকে অব্যাহতি প্রদান করা হয়। 

পরবর্তী পরীক্ষা পরিচালনার জন্য সহকারী প্রধান শিক্ষক/জ্যেষ্ঠ কোনো শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদান ও দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মতিন বলেন, “যারা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনিয়মের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে আমরা রীতিমতো সোচ্চার। আমরা আগেই নোটিস করেছি কোন পরীক্ষার্থী কোন সিলেবাসের পরীক্ষা দিবে তারপর দায়িত্বে থেকে অনিয়ম করেছেন তারা।”

এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করাসহ চিঠি পাঠানোর কথা বলেছেন তিনি।