জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
মামলা চলাকালে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই মো. আনোয়ার হোসেন পলাতক।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুক না পাওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঘটনার ১৪ বছর পর বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক।
দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন (৪০) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পলাতক।
মামলার বরাতে ফজলুল হক বলেন, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তার স্ত্রী ইসমত আরার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। ইসমত আরা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে সেদিন রাতে গলা টিপে হত্যা করেন।
এ ঘটনায় পরের দিন নিহতের বড় ভাই মজনু বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন ধরে চলা এই মামলার ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আনোয়ার হোসেনের অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী।
