১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পদ্মা এক্সপ্রেস’ লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল চলাচল শুরু

জয়দেবপুর স্টেশনে ঢোকার আগে সংকেত ভুলের কারণে ব্রডগেজ থেকে ট্রেনটি মিটারগেজে ঢুকে পড়ে। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

‘পদ্মা এক্সপ্রেস’ লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল চলাচল শুরু
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেসের’ ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 11:58 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

জয়দেবপুর রেলওয়ে জংশনে ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় দেড় ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ ছিল।  

শনিবার রাত পৌনে ৯টার দিকে ট্রেনটির লাইনচ্যুত হওয়ার তথ্য দেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান।

তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সংকেত ভুলের কারণে ব্রডগেজ থেকে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। 

এতে ট্রেনটি জয়দেবপুর রেলক্রসিংয়ে আটকে গেলে জয়দেবপুর-শিববাড়ি-রাজবাড়ী-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, রাত ১০টা ১০ মিনিটের দিকে ফের যাত্রা শুরু করে।  

তিনি জানান, ঢাকা-জয়দেবপুর রেলপথটি ডুয়েল গেজের ডাবল লাইন। একটি বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ব্রডগেজ ট্রেন চলাচল করতে পেরেছে।