১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণে দগ্ধ ২

চিকিৎসক তানিয়া আক্তার বলেন, “আগুনে বাবুলের দেহের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 10:46 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় মেশিন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন। 

দগ্ধরা হলেন- উপজেলার মাটিকাটা এলাকার বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার রবিউল ইসলাম (২৩)।

বোর্ড মিল এলাকার ওই কারখানার শ্রমিকরা বলেন, তারা পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে একটি মেশিন হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে দুইজন দগ্ধ হন। 

তাদের উদ্ধার করে প্রথমে সফিপুর এলাকার বেসরকারি মর্ডাণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান চিকিৎসক।

মর্ডাণ হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার বলেন, “আগুনে বাবুলের দেহের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।”

মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে।”

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।”