১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ছেলের মৃত্যুর ‘শোকে’ প্রাণ গেল মায়েরও

আওয়ামী লীগ নেতা শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 08:07 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তার মায়েরও মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। 

তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর রোববার ভোর ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মারা যান বলে জানিয়েছেন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম।

আলতাফ উদ্দিন শাহীন (৫৩) কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরেই তার মায়ের মৃত্যু হয়েছে।

আলতাফ উদ্দিন শাহীনের ছোট ভাই মোস্তফা কামাল বলেন, “আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভাইয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। সেই শোক তিনি সহ্য করতে পারেননি।”

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদক পান।

তিনি বলেন, “শাহীন গাজীপুরে বসবাস করতেন। সুযোগ পেলেই মাকে দেখতে আসতেন। শনিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”