Published : 31 Jan 2026, 04:49 PM
সিলেটের কানাইঘাট উপজেলায় একটি স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়; যেগুলো ‘উচ্চমাত্রার বিস্ফোরক’ তৈরিতে ব্যবহৃত হয় বলে ভাষ্য র্যাবের।
শুক্রবার রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এসব পাওয়া যায় বলে জানান র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।
শনিবার দুপুরে তিনি বলেন, উদ্ধার করা পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তবে এসব বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান শহিদুল ইসলাম।
তিনি বলেন, পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে উদ্ধার করা সামগ্রীগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
র্যাব জানায়, রাত ১০টার দিকে কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকার গোপন খবর পায় র্যাব। তাৎক্ষণিক র্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ভবনটিতে তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে র্যাব।
এর আগে ২৪ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় পুরোনো একটি শৌচাগার থেকে ছয়টি ‘পাওয়ার জেল’ ও ‘পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর’ উদ্ধার করা হয়; সরঞ্জামগুলো ভারতীয় বলে দাবি র্যাবের।