১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে উড়ে এল অসুস্থ কাক, চিকিৎসা দিলেন ডাক্তাররা

চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান কাকটি পক্সে আক্রান্ত। এর জন্য চোখের ওপর ও লোমের গোড়ায় ফোঁড়ার মত উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 05:36 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে উড়ে আসা একটি অসুস্থ কাককে চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় অনেকেই হাসপাতালের চিকিৎসকদের প্রশংসা করেছেন।   

বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুপন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে কাকটি আমার দপ্তরের জানালায় এসে বসেছিল। সকালে অফিসে এসে আমরা সেটি দেখতে পাই। 

“ডাকাডাকির কারণে আমরা সেটির সামনে গিয়ে দাঁড়ানোর পরও কাকটি নড়াচড়া করছিল না। পরে আমরা ধরে দেখতে পাই কাকটি অসুস্থ্। পরীক্ষা করে দেখা যায় কাকটি পক্সে আক্রান্ত। এর জন্য চোখের ওপর ও লোমের গোড়ায় ফোঁড়ার মত উঠেছে। তার ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।” 

প্রাণীসম্পদ কর্মকর্তা আরো বলেন, “কাকটি খুব বেশি বয়স্ক বা একেবারে ছোটও নয়। চিকিৎসা দেওয়ার সময় কাকটির আচরণ স্বাভাবিক ছিল। বুধবার তিন বেলা ওষুধ দেওয়ার পর সন্ধ্যায় কাকটিকে ডিম খাওয়ানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) কাকটি অনেকটা সুস্থ্য, দুর্বলতাও কেটেছে। 

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাকটি হাসপাতালের আশপাশেই অবস্থান করছে। এটি হাসপাতালে আসার পর থেকে আরও কিছু কাক হাসপাতালের বিভিন্ন গাছে অবস্থান নিয়েছে।”