১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে ১৪৫ ভরি স্বর্ণালংকার লুট: পুলিশ-সাংবাদিকসহ গ্রেপ্তার ৫

লুটে নেওয়া স্বর্ণালংকারের মধ্যে ৯৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের পোশাক পরে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের ছলে তাদের বাস থেকে নামিয়ে ১৪৫ ভরি স্বর্ণালংকার লুটের মামলায় এক এসআইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা ও মানিকগঞ্জ থেকে মঙ্গলবার ও বুধবার তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এসআই আকতারুজ্জামান মুন্সী, মাইক্রোবাস চালক জাকির হোসেন, সাংবাদিক রমজান, রমজান আলী নামে আরকেজন ও গয়নার দোকানের মালিক ইসমাইল হোসেন।

তাদের কাছ থেকে প্রায় ৯৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে ১৩ লাখ টাকা ও তাদের ব্যবহৃত মাইক্রোবাস, পুলিশের ইউনিফর্ম, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার মেনহাজুল বলেন, গত ৭ ডিসেম্বর বিকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসে পুলিশ পোশাক পরে কয়েকজন এসে গয়নার ব্যবসায়ী দুই ভাইকে হাতকড়া পরান। বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তোলা হয়। এরপর তাদের সঙ্গে থাকা ১৪৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা, দুইটি এটিএম কার্ড ও একটি এনআইডি নিয়ে নেয় ডাকাতরা। দুই ভাইকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে তারা চলে যায়।

এ ঘটনায় অভিযোগ পেয়ে মুন্সীগঞ্জের ডিবি পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে ঢাকার কাফরুল থেকে মাইক্রোবাস চালক জাকিরকে গ্রেপ্তার করা হয়। একই জায়গা থেকে গ্রেপ্তার করা হয় এসআই আকতারুজ্জামান মুন্সীকে।

তাদের দেওয়া তথ্যে মিরপুরের শাহ আলী এলাকা থেকে মাইটিভির প্রতিনিধি রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করা হয় কৃষক লীগের নেতা রমজান আলীকে।

পুলিশ সুপার বলেন, ডাকাতদের মধ্যে একজন মিরপুরের একটি গয়নার দোকানে স্বর্ণালংকার বেঁচে দিয়েছিলেন। সেই সূত্র ধরে পরে দোকানের মালিক ইসমাইলকেও গ্রেপ্তার করা হয়।

পলাতক আরও একজন গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বাকি স্বর্ণালংকার উদ্ধারেও পুলিশের অভিযান চলছে।