১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে বিজিবির হাতে দুই ভারতীয় আটক

তাদের কাছে নগদ ২ লাখ ৬৯ হাজার টাকা পাওয়া গেছে বলে বিজিবি জানায়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 11:52 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

রাঙামাটির বরকল উপজেলায় ভারতের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। 

শুক্রবার বিকালে স্পিডবোটে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয় বলে রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান জানিয়েছেন। 

আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের লুংলে ও দেমাগ্রীর বাসিন্দা সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা (৩০)। তাদের কাছে ২ লাখ ৬৯ হাজার টাকাও পাওয়া যায়।  

বিজিবি জানায়, স্পিডবোটযোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় দুই ভারতীয়কে আটক করা হয়। 

আটকদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, বিজিবির আনুষাঙ্গিক কাজ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করবে।

বিজিবি কর্মকর্তা আনোয়ার লতিফ খান বলেন, “ভারতের পাসপোর্ট না থাকলেও তাদের কাছে ‘আধারকার্ড’ ছিল। তাদের কাছে নগদ ২ লাখ ৬৯ হাজার বাংলাদেশি টাকা পাওয়া গেছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”