ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ২ ঘণ্টা রেল চলাচল বিঘ্ন
পুশব্যাগ করে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো আবার জোড়া দিয়ে ট্রেনটি নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ পথে রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী রেলওয়ে স্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া নেত্রকোণার মোহনগঞ্জগামী ট্রেনটি দেউলপাড়া এলাকায় পৌঁছলে মাঝখানে পাওয়ার কারে হঠাৎ বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পান চালক।
পরে পুশব্যাগ করে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো আবার জোড়া দিয়ে বিকাল সোয়া ৫টার দিকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান ওসি আকতার হোসেন।
