১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারি বৃষ্টিপাতের শঙ্কায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 10:37 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

টানা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার জেলা প্রশাসক নাজমা আশরাফি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

এ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, ঝুঁকিপূর্ণ এলাকা এবং দুর্গম স্থানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সবাইকে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। 

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের প্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।”

এদিকে একই  কারণে আরেক পার্বত্য জেলা বান্দরবানের সব পর্যটনকেন্দ্রও ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।