Published : 31 Jan 2026, 10:01 AM
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়েছে ড্রাম্প ট্রাক। এতে নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন একজন।
শনিবার ভোর ৫টার দিকে নওগাঁ-পত্নীতলা সড়কের পাটকাঠি মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার নুরপুর গ্রামের কোকা পাহানের ছেলে বিরেন পাহান (৩৫), নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝুটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মাংরা উরাও এর ছেলে সন্জু উড়াও (৪৮) ও ঝুটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।
আহত হয়েছেন একই গ্রামের রমেশের ছেলে শ্রী শ্যামন্ত (২৮)। তিনি মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । তারা সবাই সবজি বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ভোরে ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুইজন নিহত হয়। আরও তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়েছে।
নিহতদের মরদেহ স্বজনদের কাছের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি শহিদুল ইসলাম।