ট্রাক বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানজটে ভোগান্তি
দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা ও ইলিয়টগঞ্জে দুটি ট্রাক বিকল হয়ে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।
দুই স্থানে ট্রাক বিকল হওয়া এবং উল্টো পথে গাড়ি চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা ও ইলিয়টগঞ্জে দুটি ট্রাক বিকল হয়ে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সেতুর দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। বেলা ১২টার দিকে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে গাড়ির দীর্ঘ জট থাকায় যান চলাচলে ধীরগতি রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. কাউসার সাংবাদিকদের বলেন, “বুধবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছানোর পর এক্সেল ভেঙে অচল হয়ে পড়ে। এতে সড়কের চট্টগ্রামগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।”
পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয় বলে জানান তিনি।
এছাড়া বৃহস্পতিবার ভোর চারটার দিকে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে কুমিল্লাগামী একটি ট্রাকের চাকা ফেটে মহাসড়কে আটকে যায়। এতে মহাসড়কে আবারও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে এসআই কাউসার জানান।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ রেকার এনে ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে এ সময় অনেক যানবাহন উল্টো পথে দ্রুত যাওয়ার চেষ্টা করলে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোর থেকে শুরু হওয়া এই যানজট সেতুর টোল প্লাজা থেকে চান্দিনা বাসস্ট্যান্ড পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
তবে বেলা ১২টার দিকে ধীরে ধীরে যানজট কমতে থাকে।
এর আগে সকাল সাড়ে ৯টায় নয়টায় ঢাকাগামী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে শহীদনগর পর্যন্ত ১৫ কিলোমিটার এবং চট্টগ্রামগামী লেনে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ৫ কিলোমিটার যানজট ছিল বলে এসআই কাউসার জানান।
এদিকে যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়ার কথা জানান কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাসের চালক কামাল হোসেন।
তিনি বলেন, “সকাল ৬টায় কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হই। দুই ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু সাড়ে ছয়টায় মহাসড়কের চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর যানজটে আটকে পড়ি। এরপর শুরু হয় ভোগান্তি।”
বেলা ১টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, ভোর থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
