Published : 07 Nov 2025, 08:42 AM
খুলনার রূপসায় গুলিতে সোহেল হাওলাদার নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, ৪৫ বছর বয়সী সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন; কয়েকদিন আগে দেশে ফেরেন।
ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাঠে অবস্থান করছিলেন সোহেল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
“ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলির শব্দে এলাকার লোকজন ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।”
হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি জানিয়ে ওসি মাহফুজুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সোহেল হাওলাদারসহ এ বছর রূপসায় গুলি করে তিনজনকে হত্যা করা হলো।