Published : 15 May 2026, 10:10 PM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।
নিহত হালিম হাওলাদার (৭০) ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- হালিমের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), ভাগ্নে মিজানুর রহমান (৪০) এবং খবির শিকদার (৫০)।
আটকরা হলেন- পার্শ্ববর্তী চর আউলিয়াপুর গ্রামের উজ্জ্বল হাওলাদার (৩৫) ও কালাম হাওলাদার।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, দেলোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পাশের চর আউলিয়াপুর গ্রামের তাহের হাওলাদারের ছেলে কালাম হাওলাদারের বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকও হয়। কিন্তু উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
পরে রাতেই দেলোয়ারের ভাগ্নে মিজানুর রহমান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।
তিনি বলেন, “দুপুরে দেলোয়ার হোসেন তার জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন বলে জানান শহিদুল ইসলাম।
আহত দেলোয়ার হাওলাদার বলেন, কেনা জমিতে বালু ভরাট করতে যান তারা। এ সময় প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার বড় ভাই হালিম মারা যান।
ওসি আদিল হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।