Published : 22 May 2026, 03:11 PM
বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে বেতার শাখায় কর্মরত এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ লাইন্সের ভেতরে বাসভবন থেকে আরিফুল ইসলামের লাশ উদ্ধারের খবর জানান বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
দুই সন্তানের জনক মৃত ৩৮ বছর বয়সী আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে।
পুলিশ বলছে, বগুড়া পুলিশ লাইন্সের বেতার শাখার দোতলার একটি কক্ষে থাকা এএসআই মো. আরিফুল ইসলামকে বৃহস্পতিবার রাত ১টার দিকে শেষবারের মত দেখা যায়। সকালে তাকে কক্ষে না পেয়ে সহকর্মীরা প্রথমে ধারণা করেন তিনি দায়িত্বে আছেন।
তবে সকাল ১০টার পরও তার কোনো খোঁজ না মেলায় পাশের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। পরে জানালা দিয়ে উঁকি দিলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলছেন, “নিহতের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। পরিবারের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি।”
ঋণসংক্রান্ত চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান বলেন, এএসআই আরিফুলের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।”