Published : 16 Jun 2026, 10:14 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দুজনের দাঁড়িয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বুলবুল (৩৫) নামে ওই ব্যক্তি মারা যান। তিনি উপজেলার সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে।
সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছিলেন। তার নাম অনিক (২০)। তিনি দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জবা মেম্বারের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে ‘মিস্টার গ্রুপের’ সমর্থক মামুন নামের এক প্রবাসী গুলিতে নিহত হয়।
এ ঘটনার পর থেকে হত্যা মামলার আসামি জবা মেম্বার ও সহযোগী আলাল মুন্সিসহ তাদের পক্ষের লোকজন পলাতক আছেন। এরপর থেকে দফায় দফায় ভাড়া করা লোকজন নিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করছিল জবা গ্রুপের লোকজন।
এ ঘটনার জেরে এদিন ভোরে স্পিডবোটে করে ভাড়া করা অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করেন জবা ও তার সমর্থকরা। এ সময় তারা হামলা চালালে মিস্টার গ্রুপের লোকজন প্রতিহত করতে এগিয়ে যায়। এতে অনিকের মাথায় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা অনিক ও বুলবুলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নেওয়ার পর চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় মারা যান বুলবুল। তিনি জবা মেম্বারের সমর্থক বলে জানা গেছে।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।