০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে আগুন: এবার জেলা প্রশাসনের তদন্ত কমিটি

রাতে পুলিশের পক্ষ থেকে দুজনের প্রাণহানির তথ্য জানানো হলে পুরো ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 10:27 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পর এবার তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান। 

মঙ্গলবার বিকালে গঠিত কমিটিতে নেতৃত্ব দেবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। কমিটিতে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়েন রোগী, স্বজন, চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই ভবনের বিভিন্ন তলা থেকে দ্রুত নিচে নামতে শুরু করেন অনেকে। সিঁড়িতে তৈরি হয় হুড়োহুড়ি। আতঙ্ক আর ছোটাছুটির মধ্যেই ঘটে হতাহতের ঘটনা।

আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর এ ঘটনায় ছয়জনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন তা নাকচ করেছেন। পরে রাতে দুজনের প্রাণহানির তথ্য জানানো হয় পুলিশের পক্ষ থেকে। ফলে পুরো ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) চিকিৎসক মোহাম্মদ মাইনউদ্দিন খান। কমিটিকে আগামী তিন কার্য দিবসের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যুর তথ্য তদন্ত করে দেখা হবে: বিভাগীয়

ময়মনসিংহ মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ২০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন