০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ২০

নতুন ভবনের অষ্টম তলায় লিফটের নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 09:35 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; যা ৬টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

আহতরা হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন আসাদুজ্জামান খান বলেন, “আমার ছেলে কয়েকদিন আগে আগুনে পুড়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করি। আজকে আগুনের পর তাকে নিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়েছে।”

হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, তাড়াহুড়ো করে নামতে গিয়ে ডান হাতের আঙুল অনেকটা কেটে গেছে। আগুনের খবর পেয়ে সবার মাঝে আতঙ্গ ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, নতুন ভবনের অষ্টম তলায় লিফটের নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করে।

তিনি বলেন, “ঘটনাটি হাসপাতালের হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে বড় প্রাপ্তি হচ্ছে কেউ মারা যায়নি। আগুন যেমন তেমন আতঙ্ক ছড়িয়েছে বেশি।”

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে বলা যাবে।

ঘটনার সময় ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে; তবে সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। 

আরও পড়ুন: 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন