কাপাসিয়ায় ‘দ্বন্দ্ব মিটিয়ে’ মঞ্চে 'আপন-দুলাল'
নরসিংদীর ‘দিপ্তি নাট্য সংস্থার’ ১৭ জন ও স্থানীয় চার শিল্পী এতে অভিনয় করেন।
গাজীপুরের কাপাসিয়ায় ‘রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বে’ বন্ধ হয়ে যাওয়া 'আপন-দুলাল' নাটকটি মঞ্চস্থ হয়েছে।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শনিবার সকালে দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জে উদয়ন কিন্ডার গার্টেন মাঠে নাটকটি মঞ্চায়ন হয়।
কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক বলেন, “নাটকটি শান্তিপূর্ণভাবে মঞ্চায়ন হয়েছে। এলাকাবাসী নাটকটি বেশ উপভোগ করেছেন।
“এর আগে নাটক নিয়ে যে প্রচার চালানো হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে স্থানীয় রাজনৈতিক নেতাদের ‘জুনিয়র-সিনিয়র’ দ্বন্দ্বে নাটকের মঞ্চায়ন বাধাগ্রস্ত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনীতিকদের বৈঠকে সেই দ্বন্দ্ব মেটানো হয়।”
কাপাসিয়া উপজেলা শহরের বাসিন্দা আবুল বাসার বলেন, “মফস্বলে এ ধরনের সুস্থ ধারার বিনোদনের বড় অভাব । দীর্ঘদিন পর ‘আপন-দুলাল’ মঞ্চায়ন হওয়ায় এলাকার মানুষ অত্যন্ত খুশি।”
ওসি বলেন, সকাল সাড়ে ১১টায় নাটক শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে নাটকটি শেষ হয় সন্ধ্যা ৬টায়।
এতে নরসিংদীর ভেলানগরের ‘দিপ্তি নাট্য সংস্থার’ ১৭ জন ও স্থানীয় চার শিল্পী অংশগ্রহণ করেন।
নাটকটির আয়োজক শামসুল হক বলেন, ‘আপন-দুলাল’ একটি গীতিনাট্য। এর মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
নাশেরা গ্রাম থেকে নাটক দেখতে আসা মো. আলমগীর শিকদার বলেন, “পল্লীকবি জসীম উদ্দীনের লেখা ‘আপন-দুলাল’ অসাধারণ একটি গীতিনাট্য। দর্শকরা এটি বেশ উপভোগ করেছেন।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, এ নাটক সম্পর্কে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের যারা বিভ্রান্ত করেছেন, তাদের শাস্তি হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম বলেন, “মঞ্চায়নের ব্যাপারে আয়োজকরা বিষয়টি আমাকে আগে জানায়নি। আবার বাতিল হওয়ার বিষয়টিও জানানো হয়নি। পরে মিডিয়ায় জানতে পেরে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করা হয়।”
এদিকে নাটকটির মঞ্চায়ন নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে তিনি লেখেন, “কাল থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে।
মুসল্লি, ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো। বলা হলো— আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে।
“ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেওয়ার কথা বলা হলো। অথচ কাল রাতে আয়োজকরাই বললেন, ওই স্টেজ বানানোই হয়নি।”
সাংবাদিকদের উদ্দেশে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনদের প্রতি অনুরোধ, সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের দরকার। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যও এটা দরকার।”
আরও পড়ুন
