Published : 26 Jan 2026, 03:21 PM
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
সোমবার সকালে বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি।
ফলে দুই দেশের ব্যবসায়ীরা বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আবারও এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান শামিম হোসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা স্বাভাবিক আছে।
এদিকে দিবসটি উপলক্ষে বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় ভারত দেশটির পতাকা উত্তোলন করেছে বলে জানান তিনি।