মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী সংগঠনের নতুন কমিটি
‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম)-এর ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিএসওএম-এর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এই নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান জ্যাক ও আদিবা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন ও সাবরিনা সূচনা, সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন এবং অর্থ সম্পাদক ফারিয়া ফারা।
এছাড়া পদ পাওয়া অন্যরা হলেন— শিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তফা রুসো, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৈতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিশাত নাওয়ার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক নাওহা, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংগ্রহবিষয়ক সম্পাদক তাজ মুন্সি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু এবং ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ২৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, “কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে দায়িত্ব নিয়েছেন। সামনের দিনগুলোতে আমরা বিভিন্ন আয়োজন, নতুন উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর আরও গুরুত্ব দেব, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ও অর্জন গর্বের সঙ্গে তুলে ধরতে পারেন।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবেন।”
‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। বর্তমানে দেশটিতে অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য তৈরিতে সংগঠনটি কাজ করে আসছে।
