পর্তুগালে ঈদের দিন ছুটি দাবি বাংলা প্রেস ক্লাবের
এ ব্যাপারে দূতাবাসের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসী সাংবাদিকরা।
পর্তুগালে ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের ছুটি দাবি করেছে দেশটিতে বাংলা প্রেস ক্লাব। বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে এ ব্যাপারে দূতাবাসের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিল থেকে এ দাবি করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল হাকিম মিনহাজ বলেন, “ঈদের দিন পর্তুগালে ছুটির ব্যবস্থা নেই। বাংলাদেশি ব্যবসায়ী ও মালিকদের কাছে অনুরোধ জানাই, ঈদের দিন যেন তারা তাদের কর্মীদের ছুটি দেন।”
প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সিনিয়র সহ সভাপতি এফআই রনির যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের প্রচার সম্পাদক মুহি উদ্দীন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে জানান, পর্তুগালের অনেক বাংলাদেশি বেকার আছেন। অনেকে কষ্টে দিনযাপন করছেন। কর্মক্ষেত্রে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক প্রবাসী। এই সংকট সমাধানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কমিউনিটির ব্যক্তিদের সহযোগিতা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন রানা তাছলিম উদ্দীন, মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ, সাইফুল হক, আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, আজমল আহমদ, মোশাররফ হোসাইন, রনি হোসাইন, মুহি উদ্দীন, জহিরুল ইসলাম, রুবেল আহমদ, বেলায়াত হোসাইন, আরিফ রিগান ও ফয়জুর রহমান।
আরও উপস্থিত ছিলেন মাসুম আহমদ, শিপলু আহমদ, আহমেদ লিটন, শাহীন আহমদ, মাসুম আহমদ ও আহমেদ কৌশিক।
