১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে প্রতিবাদ: জয়নুল আবদিন

ব্রুকলিনে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে প্রতিবাদ: জয়নুল আবদিন
বক্তব্য দিচ্ছেন জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 09:17 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলে প্রতিবাদের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

সোমবার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, “আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে আমরা অবশ্যই প্রতিবাদ করব।”

‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন’ শীর্ষক সমাবেশে ফারুক বলেন, “নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি—ডিসেম্বরেই নির্বাচন হবে, এমন সুনির্দিষ্ট তফসিল দিন।”

তিনি আরও বলেন, “আবার কেউ যদি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, জনগণের পক্ষ থেকে তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবি নাজনীন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, “তার উচিত খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে দ্রুত বৈঠকে বসা, যাতে সংকটের সমাধানে অগ্রগতি হয়।”

সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুল এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া, বাবরউদ্দিন ও আহাম্মেদ সালেহ রুমেল।