১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের

“ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ চেম্বারের কার্যক্রমকে প্রচলিত নেটওয়ার্কিংয়ের গণ্ডি ছাড়িয়ে ব্যবসার জন্য বাস্তব ও কার্যকর সুযোগ তৈরির দিকে এগিয়ে নেবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 11:00 AM

Updated : 17 Sep 2026, 02:58 AM

যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।

সংগঠনটি বলছে, প্রস্তাবিত এই ট্রেড সেন্টার দুই দেশের ব্যবসা, বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ৮ অগাস্ট লন্ডনের আইভি হিল হোটেলে আয়োজিত বিবিসিসিআই বিজনেস রিসেপশন ২০২৬ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত কমিটির অভিষেকও হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

বিবিসিসিআইয়ের ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ চেম্বারের কার্যক্রমকে প্রচলিত নেটওয়ার্কিংয়ের গণ্ডি ছাড়িয়ে ব্যবসার জন্য বাস্তব ও কার্যকর সুযোগ তৈরির দিকে এগিয়ে নেবে।

“ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টারের লক্ষ্য হল যোগাযোগকে বাণিজ্যে এবং আকাঙ্ক্ষাকে সুযোগে রূপান্তর করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে ব্রিটিশ ও বাংলাদেশি ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে, অংশীদারত্ব গড়ে তুলতে, নতুন বাজার অনুসন্ধান করতে এবং একসঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড সেন্টারটি যুক্তরাজ্য ও বাংলাদেশের বাজারে প্রবেশ করতে বা নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক বাজার, বিনিয়োগের সুযোগ ও কৌশলগত অংশীদারত্বের সন্ধানে ব্যবসাগুলো যখন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই উদ্যোগ যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে বিবিসিসিআই মনে করে।

বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মুহিব চৌধুরী বলেন, “ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার একটি আধুনিক ও উচ্চাভিলাষী চেম্বার গড়ে তোলার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যা ব্যবসায়ীদের জন্য বহুমুখী সুযোগ সৃষ্টি করবে। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে বিবিসিসিআই অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রকল্পটি এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, সরকারি প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও কৌশলগত অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার কথা বলছে বিবিসিসিআই।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার এম নজরুল ইসলাম।

বিবিসিসিআইয়ের বর্তমান কমিটির উপদেষ্টাদের মধ্যে ওয়ালি তাসার উদ্দিন, আহমদ উস সামাদ চৌধুরী, সাইদুর রহমান রেনু; সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ ও রফিক হায়দার; নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান; লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম; পরিচালক আতাহির খান; বিবিসিসিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নজরুল খসরু, নির্বাচন কমিশনার জাকির খান ও তারেক চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার মঞ্জুর শওকত, বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা কাউন্সিলর আবদাল উল্লাহ, বিসিএ প্রেসিডেন্ট অলি খান, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, জনমত ও কারি লাইফের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি তফজ্জুল মিয়া এবং হারোর সাবেক মেয়র সেলিম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে দুটি পরিচালক পদে নির্বাচন হয়। তাতে আমিরুল ইসলাম চৌধুরী ও জাহিরুল ইসলাম নতুন পরিচালক নির্বাচিত হন।