১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রস্তুতি

বিষয়ভিত্তিক এবছরের শিরোনাম ‘বনের মাঝে লেখার খোঁজে’, থিম নির্ধারণ করা হয়েছে ‘পিঠা’।

নিউ ইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রস্তুতি
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ধনঞ্জয় সাহা। পাশে অনিমিতা সাহা।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 09:30 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

বাংলা সাহিত্য-সংস্কৃতির চর্চা ও প্রসারে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। 

আসছে ২৬ ও ২৭ জুলাই রকল্যান্ড কাউন্টির থ্রিফোল্ড কমিউনিটিতে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’ (বিলস)। 

এটি হবে সংগঠনটির তৃতীয় বার্ষিক ‘রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার’। বিষয়ভিত্তিক এবছরের শিরোনাম ‘বনের মাঝে লেখার খোঁজে’, থিম নির্ধারণ করা হয়েছে ‘পিঠা’। 

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানান আয়োজকরা।

এতে সভাপতিত্ব করেন বিলস-এর সভাপতি ধনঞ্জয় সাহা। উপস্থিত ছিলেন উপদেষ্টা অনিমিতা সাহা।

ধনঞ্জয় জানান, সংবর্ধনা ও নৈশভোজের মাধ্যমে উৎসব শুরু হবে ২৫ জুলাই। মূল কার্যক্রম শুরু হবে ২৬ জুলাই সকাল ১০টায়। দিনব্যাপী থাকছে গায়ানা মেলা, ফিটনেস ও স্ট্রেচিং সেশন, যোগব্যায়াম, মৌচাষ অভিজ্ঞতা, সৃজনশীল হাঁটা, খামার পরিদর্শন ও সাঁতার। বিকাল ৩টা থেকে শুরু হবে সাহিত্য ও সংস্কৃতি উৎসব।

সেখানে বক্তব্য দেবেন সংগঠনের সভাপতি ও দাস ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শান্তনু দাস। অংশ নেবেন লেখক ও অনুবাদক ক্যারলিন রাইট, লিজি রহমান ও দিলারা হাফিজসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যান্যরা। 

অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে ‘রকল্যান্ড পোয়েটস’ ও ‘এন্ডিভার ২১+’ দলের তরুণ-তরুণীরা, যাদের মধ্যে রয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা।

আরও থাকছে থ্রিফোল্ড দর্শনের খাদ্য-ভাবনা, পিঠা বিষয়ে আলোচনা, আর্ট থেরাপি, কবিতা পাঠ, ছোটগল্প উপস্থাপন, স্থানীয় লেখক ও শিল্পীদের বই ও হস্তশিল্প প্রদর্শনী। বাংলা, ইংরেজি, পোলিশ ও স্প্যানিশ ভাষায় কবিতা পাঠ ও আবৃত্তির পাশাপাশি সন্ধ্যায় গান, নৃত্য, কবিতা, শ্রুতিনাটক ও মুক্তমঞ্চে মতপ্রকাশের সুযোগ থাকবে।

ধনঞ্জয় আরও জানান, ২৭ জুলাই সম্মেলন শুরু হবে সকাল ৯টায়। এদিন লেখালেখি ও প্রকাশনা বিষয়ক আলোচনায় যুক্ত থাকবেন হাওয়ার্ড র‍্যাঙ্কিন ও রকল্যান্ডের কবি লরেট জুয়ান পাবলো মবলি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে থাকবে একটি সেশন, যাতে যুক্ত হবেন লন্ডনের স্টিফেন ওয়াটস ও ডেভিড লি মর্গ্যান। শিশুদের জন্য আয়োজন থাকবে সৃজনশীল লেখালেখি ও প্রতিযোগিতার।

সম্মেলনে অংশগ্রহণ ও নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bilsus.com ওয়েবসাইটে অথবা ১-৯১৭-৬৯৩-৯২৯১ নম্বরে কল করে।